সিরাজগঞ্জে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের দিকে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হেলপার রাকিবুল ইসলাম রকেট (৩২), বগুড়ার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েন উদ্দিনের ছেলে বাস চালক জাহাঙ্গীর আলম (৪৯) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম (৩৫)।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার দুপুরের দিকে বগুড়া থেকে বুশরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বাসের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রিজের রোড ডিভাইডার ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লাগে এবং ওই বাসের ইঞ্জিন ব্রিজের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক ও হেলপার নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে ওই নারী মারা যা। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে ভর্তি করে এবং বিকেলে আহতদের মধ্যে ৫ জনকে ওই হাসপাতাল থেকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
