মুন্সীগঞ্জে হামের টিকাদান শুরু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মুন্সীগঞ্জে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন এলাকায় একযোগে এই কার্যক্রম চালু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১০ হাজার ৯৫০ ভায়াল হাম টিকা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে আগামী তিন সপ্তাহে প্রায় ১ লাখ ৯ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরও টিকা সরবরাহ করা হবে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হচ্ছে। টিকাদান কার্যক্রম পরিচালনায় প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।
জেলায় ১টি পৌরসভা ও ৩টি উপজেলার মোট ১৫টি ইউনিয়নের ৪৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। এর মধ্যে লৌহজং উপজেলার ৫টি ইউনিয়নের ১৩টি কেন্দ্র, শ্রীনগরের ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্র এবং সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৬টি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পৌরসভা এলাকাতেও নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে সারা বছর এই সেবা চালু থাকবে, আর অস্থায়ী কেন্দ্রগুলো প্রয়োজন অনুযায়ী পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জ্বর, কাশি, চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং শরীরে ফুসকুড়ি— এসব হামের সাধারণ লক্ষণ। জটিল ক্ষেত্রে নিউমোনিয়া বা ডায়রিয়াসহ মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
তবে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে নির্দিষ্ট বয়সী সব শিশুকে টিকা দেওয়ার জন্য। তারা আরও জানান, এই টিকাদান সম্পূর্ণ নিরাপদ এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে।
