দিনাজপুরে ২ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৪৯ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরে হজযাত্রীদের প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে শিশু একাডেমির মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।

এছাড়া গোর-এ শহীদ ময়দানের ইমাম মাওলানা মতিউর রহমান কাশেমী, মাওলানা জুবাইর সাইদ এবং ডেপুটি সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাহ মুহাম্মদ শরীফও বক্তব্য রাখেন।

কর্মশালার শুরুতে মোনাজাত পরিচালনা করেন পুলহাট কালুপীর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম সরকার। 

ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রথম দিনের কর্মসূচিতে হজযাত্রীদের নিবন্ধন, হজ বিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, হজের গুরুত্ব নিয়ে আলোচনা এবং করণীয়-বর্জনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া হজের ধর্মীয় বিধান, এজেন্সি ও গাইডদের দায়িত্ব, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা এবং যাত্রীদের প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালার অংশ হিসেবে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।