ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতিতে বসবাস করাই আমাদের ঐতিহ্য: মুন্সীগঞ্জের ডিসি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২১:১১ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

যিশুখ্রিষ্টের শুভ পুনরুত্থান উপলক্ষ্যে মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ উপাসনায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা, স্তবগান ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে যিশুখ্রিষ্টের পুনরুত্থানের তাৎপর্য স্মরণ করেন। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে শহরের নয়া পাড়ায় মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ উপাসনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, সাবেক কাউন্সিলর লিটন, তুষার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, পালক মাইকেল মল্লিক, সহকারী পালক জেমস রবিন সরকার, মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক সালেমান গোমেজসহ চার্চের ধর্মযাজক, স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রভুর বাক্য প্রচার করেন রেভা বায়রন পি বণিক।

এ সময় জেলা প্রশাসক খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইস্টারের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করাই আমাদের দেশের ঐতিহ্য।

জেলা প্রশাসক চার্চে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। এছাড়া চার্চ পরিদর্শনকালে তিনি উপাসনার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।