সখীপুরে টেন্ডার ছাড়াই প্রশিকার গাছ কাটার অভিযোগ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গাছ টেন্ডার ছাড়াই কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। যাদবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতালেব দেওয়ান উপজেলার নলুয়া-বহুরিয়া সড়কের দুই পাশে লাগানো গাছগুলো কেটে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতা মেলে। কাটা গাছগুলো ওই এলাকার কানাই মার্কেটের রফিকুল ইসলামের একটি অবৈধ করাতকলে পাওয়া যায়।

জানা যায়, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সখীপুর শাখার আওতায় নলুয়া-বহুরিয়া সড়কের দুই পাশে আকাশমণি, ইউক্যালিপটাস ও মেহগনি প্রজাতির মোট ৩৪২টি গাছ রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এসব গাছ টেন্ডারের মাধ্যমে কাটার কথা থাকলেও অভিযোগ রয়েছে, তা উপেক্ষা করে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এমনকি গাছ কাটার পর গোঁড়াও মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের শাখা ব্যবস্থাপক রতন দাস জানান, ১৯৯০-৯৫ সালে সড়কের দুই পাশে এসব গাছ লাগানো হয়। কাটার জন্য গাছ গুলো টেন্ডার হয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনা থাকায় প্রক্রিয়াটি বন্ধ রয়েছে। তবে এখন কারা গাছ কাটছে, তা তাদের জানা নেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করেন, নিয়ম না থাকলেও প্রভাব খাটিয়ে টেন্ডার ছাড়াই গাছ কাটছেন বিএনপি নেতা মোতালেব দেওয়ান। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মোতালেব দেওয়ান বলেন, “রাস্তার পাশে থাকায় গাছগুলো ঝুঁকিপূর্ণ ছিল।”

তিনি বলেন, “আমি সমিতির সদস্যদের কাছ থেকে ১২টি গাছ ৫০ হাজার টাকায় কিনে কেটেছি। টেন্ডার লাগে— এটা আমার জানা ছিল না।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি বলেন, “টেন্ডার ছাড়া গাছ কাটার কোনো নিয়ম নেই। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”