চট্টগ্রামে মহানগরী জামায়াতের আমির
‘দেশব্যাপী ডেঙ্গু, হামের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন’
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৮:০৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম নগরবাসীর মাঝে হাম, ডেঙ্গু, চিকনগুনিয়াসহ নানা জটিল রোগের প্রাদুর্ভাবে আমরা উদ্বিগ্ন। দেশব্যাপী ডেঙ্গু, হামের প্রাদুর্ভাব ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া, এডিস মশা নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণসহ পরিচ্ছন্নতা অভিযান এবং আক্রান্তদের জন্য পরীক্ষা-নিরীক্ষাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
রোববার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা দ্রুত বাড়ছে। ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। টিকাসহ প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিষেধক ও সেবার পরিধি বাড়াতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের কোতোয়ালী, বাকলিয়া, ডবলমুরিং, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর ও পাঁচলাইশ এলাকাগুলো ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো বন্ধ থাকায় এডিশ মশার বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণসহ পরিচ্ছন্নতা অভিযান প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ওয়ার্ড পর্যায়ে সমাজকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে, নগরবাসীর পাশে দাঁড়াতে হবে। দুস্থ ও অসহায় রোগাক্রান্তদের পানীয় এবং পুষ্টিকর খাবার সরবরাহেও যথাসম্ভব সহযোগিতার হাত বাড়াতে হবে। এক্ষেত্রে বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে।
তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ঘোষিত ৬০৪ কোটি টাকা বরাদ্দ ছাড় ও জনকল্যাণে ব্যবহারের স্বচ্ছতা বিধানের আহ্বান জানান। চলমান ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি চট্টগ্রাম মহানগরীতেও জোরদার করা এবং হাম-রুবেলার টিকা প্রাপ্তি নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, মুহাম্মদ ইসমাঈল, পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ প্রমুখ।
এছাড়া বাকলিয়া, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা জামায়াতের নেতৃবৃন্দ সহ ৮টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
