ক্রীড়া দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৯:৪০ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনাসভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, ক্রিকেট কোচ আলতাফ হোসেনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ।

বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সবল রাখতে এবং মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে খেলার মাঠে রাখতে হবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। আর সেই সুনামকে অক্ষুণ্ন রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।