উখিয়ার দুর্গম এলাকার ১৭৭ পরিবারে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়া-র দুর্গম পাহাড়ি এলাকায় দারিদ্রপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে ১৭৭টি পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলে সহায়তা পৌঁছানো কঠিন হলেও এবার সেই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের একটি প্রত্যন্ত এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম-এর সহযোগিতায় এবং মুক্তি কক্সবাজার-এর বাস্তবায়নে ‘হারভেস্টিং হোপ’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকারভোগীদের হাতে বাঁশ, বিভিন্ন ধরনের বীজ, জাল, ফেরোমন ট্র্যাপ এবং সেচের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। এর আগে এসব উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে দুই দিনব্যাপী প্রশিক্ষণও প্রদান করা হয়।
মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফুর কবির শিমুল বলেন, “প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি এ অঞ্চলে দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষিনির্ভর এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।”
সংশ্লিষ্টরা জানান, এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো নিজ উদ্যোগে সবজি ও ফসল উৎপাদন করতে পারবে। এতে একদিকে যেমন তাদের খাদ্য চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত উৎপাদিত ফসল বিক্রি করে আয় করার সুযোগও সৃষ্টি হবে।
অনুষ্ঠানে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, তেলখোলা ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন, প্রকল্প সমন্বয়ক এমদাদুল হক খোকন ও প্রকল্প কর্মকর্তা আকতার কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
