৪৮ বছর পর নীলফামারীতে বাস শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

বহুল কাঙ্ক্ষিত নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং রাজ: ৩৪৪৬) জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শহরের কালিতলা বাস টার্মিনাল চত্বরে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

এ সময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা জজ কোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মো. সোয়েম।

আলোচনা সভা শুরুর আগে জেলা ও উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী এবং জেলা জজ কোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মো. সোয়েমকে।

উপস্থিত সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৪৮ বছর পর নীলফামারীতে শ্রমিক ইউনিয়নের উদ্বোধন হওয়ায় প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দেশের উন্নয়নের মূল ধারা হলো যোগাযোগ ব্যবস্থা। যে দেশে যোগাযোগ ব্যবস্থা যত ভালো, সে দেশ তত বেশি উন্নত। তবে কিছু সিন্ডিকেটের কারণে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই সিন্ডিকেট দূর করতে প্রশাসন ও জনগণকে সচেতন থাকতে হবে।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহাজান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান, সহসভাপতি মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আযম, শ্রমিকনেতা বজলার রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে শ্রমিকরা আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।