অনুষ্ঠান ও বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সাথে সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ আদেশ পালনের জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি।
এতে বলা হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধির সঙ্গে ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম জেলার সব উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান/অনুষ্ঠেয় মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে নিম্নোক্ত শর্ত আরোপ করা হলো।
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
