সিরাজগঞ্জে একদিন পর স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ স্বাভাবিক, ফিরেছে স্বস্তি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় একদিন পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এতে রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হাসপাতালের অভ্যন্তরে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হয় রোগী ও তাদের স্বজনেরা।
৫০ শয্যাবিশিষ্ট ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনেই অপারেশন থিয়েটার, ভর্তি রোগীদের ওয়ার্ড, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় লাইন মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন ইলেকট্রিশিয়ানরা। এ কারণে দিনভর ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সকল প্রকার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল।
মঙ্গলবার ভোর থেকে আবারও বিদ্যুৎ লাইন মেরামতের চেষ্টা করা হয়। এ চেষ্টায় বিকেলের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ স্বাভাবিক হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও ব্যর্থ হন ইলেকট্রিশিয়ানরা।
মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় ইলেকট্রিশিয়ান ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
