পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৩:০৪ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮নম্বর ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন ওই উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনে ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফায় গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার পর সকালে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে ফোনে যোগাযোগ হয়।
বিএসএফের ভাষ্য অনুযায়ী, ৭-৮ জন বাংলাদেশি সীমান্তে তারকাটা বেড়া কাটার উদ্দেশ্যে গেলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে চোরাকারবারীদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয় এবং বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা ভারতের হাসপাতালে পাঠান, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম গণমাধ্যমকে জানান, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ চলছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
