পাবনায় ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব পাবনার সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার জলি, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, সাংবাদিক মনিরুজ্জামান শিপন, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মুনাফা লাভের আশায় একটি ব্যবসায়ী সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেটকে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা না গেলে সাধারণ ক্রেতা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে না।

ভোজ্য তেলের কৃত্রিম সংকট সমাধানে বাজার তদারকি করার আহ্বান জানান বক্তারা।