সাতক্ষীরায় অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় কলেজের সামনে শহরের সুলতানপুর বড় বাজার সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. ময়নুল হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা, ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবুসহ অন্যান্যরা।

বক্তারা এসময় কলেজ অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে তারা এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মানববন্ধন শেষে তারা অধ্যক্ষের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১ এপ্রিল (বুধবার) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি রাজাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাহফুজুল, বাবুর আলী, আব্দুল জলিল, জিয়ারুল, ইসমাইলসহ কয়েকজন সন্ত্রাসী স্টাইলে কলেজ অধ্যক্ষ সফিকুজ্জামানের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একই সঙ্গে তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।