মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৫:৫০ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সক্রিয় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ মার্চ সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে নিরব মণ্ডল (২১) নামে এক যুবকের একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি নিয়ে তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা।
ডিবি পুলিশের একটি দল তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে ৭ এপ্রিল দুপুরে পদ্মা সেতু থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখ (২৫) নামে এক সদস্যকে গ্রেপ্তার করে। তার কাছ থেকেই চুরি হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকা থেকে সাগর খান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল।
একই সূত্র ধরে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকা থেকে টুটুল মৃধা (৪১)-কে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়, যার মালিকানা যাচাই চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে আসছিল। চুরি করা মোটরসাইকেলের নম্বরপ্লেট ও বিভিন্ন অংশ পরিবর্তন করে তারা সেগুলো বিক্রি করত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
