সোনারগাঁয়ে ইউএনওর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত। তার সরাসরি তত্ত্বাবধানে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রায় ১ হাজার মোটরসাইকেল আরোহীর মাঝে তেল বিতরণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগমন ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দিলে গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় বিশৃঙ্খলা সামলাতে এবং প্রকৃত ব্যবহারকারীরা যাতে সহজেই তেল পেতে পারেন, সেজন্য ইউএনও আসিফ আল জিনাত সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করেন।

এ সময় তার সঙ্গে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান এবং সোনারগাঁ থানা পুলিশ।

ইউএনও আসার আগে তেল বিতরণের সময় পাম্পে যে হুড়োহুড়ি ও মারমুখী পরিস্থিতি দেখা গিয়েছিল, তিনি আসার পর ছিল তার উল্টো চিত্র। তিনি নিজে উপস্থিত থেকে আরোহীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করান।

সুশৃঙ্খলভাবে তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মোটরসাইকেল চালকরা। তারা জানান, প্রশাসনের সরাসরি নজরদারির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি এবং সিরিয়াল ভেঙে তেল নেওয়ার সুযোগ না থাকায় সবাই সমান সুযোগ পেয়েছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “সোনারগাঁ এলাকার সাধারণ মানুষ ও চালকরা যাতে ভোগান্তি ছাড়াই জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং নিয়ম মেনে চলায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা সম্ভব হয়েছে। তবে আমি আসার আগে গাড়ি রাখার ব্যবস্থাপনায় কিছুটা ঝামেলা হয়েছিল। আমি এসে এবং আমাদের পুলিশের টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”