চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলায় গলায় ট্যাবলেট আটকে জান্নাতুল (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার নূরনগর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল উপজেলার নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। 

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু জান্নাতুলের মা রেশমা খাতুন স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে তাকে খাইয়ে দেয়। এরপর জান্নাতুলের গলায় তা আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় দ্রুত তাকে ভ্যানযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জান্নাতুল মারা যায়। 

জান্নাতুল বাবা জালাল উদ্দিন জানান, তার মেয়ে বেশ কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। এই কারণে তার স্ত্রী স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে শিশু সন্তানকে খাইয়ে দেয়। সেই ট্যাবলেট তার গলায় আটকে সে মারা যায়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহরাব হোসেন জানান, শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বেই মারা যায়।

তিনি আরও জানান, সচেতনতার অভাবে শিশুটি মারা গেছে।