হাবিপ্রবিতে কথা সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৮ শিক্ষার্থী

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৬:৩২ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আট শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হলের ২৫ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে নুর হোসেন (এক্সটেনশন) হলের ২৪ ব্যাচের শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে ডি-বক্সের সামনে বিরোধ মীমাংসার সময় আবারও উত্তেজনা সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে দুই হলের কিছু শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে উভয়পক্ষের ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থামাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেন। কিছুসময় পর পরিস্থিতি শান্ত হলেও পরে আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত রাত আনুমানিক ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। শিক্ষক ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া চারজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা সকালে ছাড়পত্র নিয়ে চলে এসেছেন। বিষয়টি প্রাথমিকভাবে সমাধান হয়েছে। পুনরায় বসে স্থায়ী সমাধান করা হবে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জানান, ভোরে হাবিপ্রবির চারজন ছাত্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছিল। সকালে তারা স্বেচ্ছায় চলে গেছেন।

নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষ ভবিষ্যতের জন্য ভালো নয়। তারা কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।