রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৯:০৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ-ইউনিটের’ (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১) ৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ-ইউনিটে মোট ৫১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৭৯.৩৪ শতাংশ।

ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ নিয়োজিত ছিল। এছাড়াও পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিল।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যাবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ মার্চ ‘সি-ইউনিটের’ এবং ৩ এপ্রিল ‘বি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।