শ্রীপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্ন অভিযান
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৬:১৮ | অনলাইন সংস্করণ
মাগুরা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার বেলা ১১টায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুরে এক বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশফুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মূন্সি রেজাউল করিম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব শাহা আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা চত্বর এবং শ্রীপুর সদরের বাজারসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি জানান, প্রতিদিন অফিস প্রাঙ্গণ ও ভবনের চারপাশের আবর্জনা পরিষ্কার করা জরুরি। এছাড়া ড্রেন, ছাদ, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেই স্থানগুলো থেকে জমে থাকা পানি অপসারণ করা প্রয়োজন।
এসময় ইউএনও সংশ্লিষ্ট সকলকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
