সখিপুরে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী আদালত পরিচালনা করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালমেঘা এলাকা থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার কালমেঘা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এরশাদ মিয়া, হায়েত আলীর ছেলে শফিকুল ইসলাম, শহিদ মিয়ার ছেলে লিটন হোসেন, চান খানের ছেলে বাবর আলী খান এবং শোলাপ্রতিমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। এর মধ্যে বাবর আলীকে ১৫ দিন এবং বাকী ৪ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
সখিপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বিষয়টি নিশ্চিত করেছেন।
