সুন্দর সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: এমপি মনজুরুল
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ফয়জুল উলুম তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে উপজেলার মাছবোয়ালে ফয়জুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তিনি বলেন, বর্তমান যুগে নৈতিক ও আদর্শ সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নেই।
বিশেষ করে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে দক্ষ করে গড়ে তোলার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম, মুফতি মাহমুদুল হাসান এবং উপজেলা বিএনপির সদস্য মো. দুলাল হোসেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগনগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সুধীজনরা।
এরপর শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা দেয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
