হাতিয়ায় অভিযানে ৮ লাখ টাকার জ্বালানি জব্দ, আটক ৪
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২২:১৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে এ জ্বালানি তেল মজুদের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
শনিবার হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল সকাল দিকে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত জ্বালানি ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধ ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
