ঈশ্বরগঞ্জে ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে ৩০০ পরিবার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রহমতগঞ্জ মাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে হওয়া এই চুরির ঘটনায় ওই এলাকার প্রায় ৩০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুষ্কৃতিকারীরা মাজার সংলগ্ন এলাকায় স্থাপিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারটি নামিয়ে এর ভেতরের মূল্যবান যন্ত্রাংশ নিয়ে যায়। পরদিন সকালে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা বিষয়টি খেয়াল করেন এবং ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত হন।
বিদ্যুৎ না থাকায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক বিঘ্ন ঘটছে। বিশেষ করে ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়া এবং পানির পাম্প চালাতে না পেরে বিপাকে পড়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী বাসিন্দা রবিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রধান সড়কের পাশ থেকে এভাবে ট্রান্সফরমার চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা ৩০০টি পরিবার এখন অন্ধকারে আছি। দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে আমাদের বিদ্যুৎ সংযোগ সচল করার দাবি জানাই।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে আবাসিক প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী হামজা ইমাম জানান, “আমরা চুরির বিষয়টি অবগত হয়েছি। নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রান্সফরমার চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর সচেতনতা ও পুলিশি টহল জোরদার করা প্রয়োজন।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, “ঘটনা শোনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।”
