চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২১:৩৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বারাদি সীমান্তবর্তী এলাকা থেকে ৪ টি স্বর্ণের বারসহ শ্রী সমর হালদার (২৭)এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১১ এপ্রিল)রাত সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত সমর হালদার উপজেলার পার কৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে। 

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গাস্ত ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশে বারাদি বিজিবি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী পাঁচ কবর নামক স্থানে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে বিজিবি সদস্যরা থামতে বলে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে মোট ৪ শ' ৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটককৃতের বিরুদ্ধে দর্শনা থানায় মামলার প্রস্তুতি চলছে।