দর্শনায় সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:১২ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম।
অভিযানে সজীব মোবাইল ঘর, নিরিবিলি ফুচকা হাউজ, ইয়াছিন ফ্যাশনসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার পুলিশ সদস্যরা।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
