ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল উদ্ধার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী বড় বলদিয়া গ্রামের হেলাতলা নামক স্থান থেকে এই ডিজেল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটলিয়ান (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, রবিবার দিবাগত রাতে বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের নায়েক ইব্রাহিমের নেতৃত্বে বড়বলদিয়া গ্রামের সীমান্তবর্তী হেলাতলা নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট বাসায়। চেকপোস্ট এলাকায় তল্লাশি চলাকালে দেখা যায় এক ব্যক্তি ভ্যানযোগে একটি ড্রাম নিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। ভ্যান গাড়িটি তল্লাশি করার সময় ওই ড্রামে ডিজেল পাওয়া যায়। ড্রামটি থেকে ২১২ লিটার ডিজেল উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
তিনি আরো জানান, ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় ডিজেল নেওয়া হচ্ছিল। বিজিবির সতর্কতার কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
