সিরাজগঞ্জে অনুমোদন ছাড়া দই বিক্রির দায়ে জরিমানা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৪৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএসটিআই-এর অনুমোদন ছাড়া দই বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তর ও টাস্ক ফোর্সের যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বাজারে তারা অনুমোদন ছাড়া দই বিক্রি করে আসছিল দীর্ঘদিন ধরে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার ও এভারগ্রিন প্লাস নামের দুটি প্রতিষ্ঠান পণ্যের গুণগত মানসনদ ছাড়াই উৎপাদন ও মোড়কবিহীন পণ্য বিক্রির বিষয়টি প্রমাণিত হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং এভারগ্রিন প্লাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
