জীবননগরে ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২১:০৮ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত যুবক হলেন মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেন (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিফাত হোসেন নামের এক যুবক জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় তিনি পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
এ সময় তিনি উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
