চুয়েটে আইআরএইচইএসের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২১:১৮ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, মানুষের সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য নিরাপদ ও নির্মল পরিবেশ অপরিহার্য। আর এই নির্মল পরিবেশের অন্যতম ভিত্তি হচ্ছে কার্যকর ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন শুধু জনস্বাস্থ্যের উন্নয়নই নিশ্চিত করে না, বরং দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইআরএইসইএস) কর্তৃক আয়োজিত ‘বিল্ডিং রেজিলিয়েন্ট সেনিটেশন সিস্টেমঃ এসটিপি, এফএসএম অ্যান্ড সাসটেইনেবল ড্রেইনেজ ইন প্র্যাকটিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নগরায়ণের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। নগরের খাল, ড্রেন, বক্স কালভার্ট এবং স্যুয়ারেজ লাইন অবৈধ দখল ও কঠিন বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানে প্রয়োজন খাল ও জলাধার পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নগরবাসীর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা।

এতে বিশেষ অতিথি ছিলেন বুয়েট এর পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং গ্লোবাল সেনিটেশন গ্র্যাজুয়েট স্কুল (জিএসজিএস)-এর রিজিওনাল ডিরেক্টর অধ্যাপক ড. তানভীর আহমেদ এবং চুয়েটের পুরকৌশল বিভাগ-এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক।

সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক।

সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন বুয়েট-এর পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং জিএসজিএস এর রিজিওনাল ডিরেক্টর অধ্যাপক ড. তানভীর আহমেদ, ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স-এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন। সেমিনার সঞ্চালনা করেন আইআরএইসইএস সহকারী অধ্যাপক ড. মো. আরিফ হোসেন ।