রাজবাড়ীতে শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

বেসরকারি এনজিও সংস্থা সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর পাংশায় দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় পাংশা সিএসএস কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রুতাবা রহমান লিমা (এমবিবিএস, ঢাকা; এফসিপিএস শেষ পর্ব), গাইনি অ্যান্ড অবস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোনের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মো. ইকরামুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মো. জসিম উদ্দিন, ব্রাঞ্চ হিসাবরক্ষক রিপন জোয়ার্দার, হোমিও চিকিৎসক বিমল কুমার মজুমদার এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব রুহুল আমিনসহ অনেকে।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, রেভারেন্ড পল মুন্সী সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার উদ্যোগেই সিএসএস-এর মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, “আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তাঁর স্মরণে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”