নরসিংদীতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে বরণ করতে বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠেছে নরসিংদী জেলা। সকাল থেকেই জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা। রঙিন মুখোশ, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতার মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজন করা হয় বৈশাখী মেলা, পান্তা-ইলিশ উৎসব ও গ্রামীণ খেলাধুলা।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে নিয়ে এ উৎসব উদযাপনই আমাদের মূল লক্ষ্য।”
এদিকে, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানও দিনব্যাপী আয়োজন করেছে বৈশাখী অনুষ্ঠান। শহরের বিভিন্ন স্থানে বসেছে মেলা, যেখানে শিশু-কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
সব মিলিয়ে, আনন্দ-উৎসব ও বাঙালিয়ানায় ভরপুর এক পরিবেশে নরসিংদী বাসী বরণ করে নিয়েছে নতুন বাংলা বছর।
