দিনাজপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রাণকেন্দ্রে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

এদিন সকাল সাড়ে ৯টায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠ থেকে নববর্ষের মূল শোভাযাত্রাটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ফুটিয়ে তুলতে নানা রঙের সাজসজ্জা এবং গ্রামীণ অনুষঙ্গ প্রদর্শন করা হয়। নতুনের আহ্বানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সরব উপস্থিতি দেখা যায়। দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি পরিচালিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো.  রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই আয়োজনে একাত্মতা প্রকাশ করেন।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি। বাহারি রঙের পোশাক পরিধান করে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে র‍্যালিতে অংশগ্রহণ করে। তাদের হাতে থাকা নানা ধরনের ফেস্টুন, রঙিন প্ল্যাকার্ড এবং লোকজ মোটিফ নববর্ষের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।

সার্বিকভাবে, দিনাজপুরে পহেলা বৈশাখের এই আয়োজন জীর্ণতা মুছে নতুনের পথে এগিয়ে যাওয়ার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। শোভাযাত্রা শেষে স্টেশন ক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।