সিরাজগঞ্জে সরকারি কলেজ মাঠে বাংলা নববর্ষ বরণে আনন্দ উৎসব
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এ উৎসব শুরু হয়। এতে নানা বয়সের মানুষ অংশগ্রহণ করে।
এখানে তুলির আঁচড় বলে দেয় নতুনের গল্প। কলেজ মাঠে ঢুকলেই মনে হয় সে এক অন্যরকম আনন্দ। এ আনন্দেই মনে করিয়ে দেয় নববর্ষের উৎসব। অতীতকে পেছনে ফেলে নতুনের শুরুতে ব্যস্ত শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রার প্রতীকী কাঠামো গড়ে তোলা হয়েছে এবং অনেকে রঙে রঙে ফুটিয়ে তুলেছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য। তাদের হাতের শিল্পকর্মের দৃশ্য দেখতে ভিড় জমেছে। এমন আয়োজনে এ উৎসব মিলনমেলায় পরিণত হয়েছে।
এ উৎসবের আলপনার নকশা, দেয়ালে জলরঙের গল্প, সব মিলিয়ে পুরো কলেজ ক্যাম্পাস যেন নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে।
এ উৎসব ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, বৈশাখ শুধু একটি উৎসব নয়। এ উৎসব শেকড় ও সংস্কৃতির পরিচয়। এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ’। এ উপলক্ষ্যে স্টলগুলো আমাদের শেখার অন্যরকম ক্ষেত্র। এ উৎসব আনন্দে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি রয়েছে।
এ বিষয়ে ওই কলেজের একাধিক শিক্ষক আলোকিত বাংলাদেশকে বলেছেন, বাংলা নববর্ষ আমাদের শেকড়ের অন্যরকম উৎসব। এ আয়োজনে সময়ের কথা ও সমাজের কথা বলা হয়েছে। এ বৈশাখ হোক নতুন জাগরণের প্রতীক।
এদিকে এ নববর্ষ বরণে জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো নানা আয়োজনসহ শোভাযাত্রা করেছে। এছাড়া জেলার সবকয়টি উপজেলা প্রশাসনে নববর্ষ পালন করা হয়েছে।
