রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২০:৩১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় রংপুর জিলা স্কুলের বটতলায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান গাওয়ার মাধ্যমে বরণ করা হয় বাংলা নববর্ষকে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে টাউন হল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজ উন-নবী ডন, জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধারণের আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১১টায় রংপুরের বিভাগীয় কমিশনার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।

দুপুরে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুর নেতৃত্বে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও বাংলার বর্ষবরণে রংপুর শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে।

দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে রংপুরবাসী পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন আশা-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে স্বাগত জানায়।

পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক উপকারভোগীর মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।