নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪২ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে আদালত। নতুন করে আগামী ২৯ এপ্রিল রায়ের দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সেলিম শাহী। তিনি জানান, এদিন রায় ঘোষণার কথা থাকলেও বিচারক এজলাসে বসেই তারিখ পুনর্নির্ধারণ করেন।

নিহত অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। মামলার আসামি আব্দুর রহিম রনি (৩২) একই এলাকার বাসিন্দা খলিল মিয়ার ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতেই অদিতার সাবেক গৃহশিক্ষক রনিকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয় এবং তিনি আদালতে জবানবন্দিও দেন।

পরিবারের অভিযোগ, কিছুদিন আগে অদিতা রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে তিনি ক্ষুব্ধ হন। ঘটনার দিন বাড়িতে একা পেয়ে অদিতার ওপর আক্রমণ চালানো হয় এবং বিষয়টি গোপন রাখতে তাকে হত্যা করা হয়।

অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, মেয়ের হত্যার ন্যায়বিচার চান তিনি এবং এমন শাস্তি চান যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরে আঘাতের চিহ্ন ও পোশাকে রক্তের দাগ পাওয়া যায়। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ মেলে। মামলায় বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেছিল, যা এখন পিছিয়ে দেওয়া হয়েছে।

এই নির্মম ঘটনার পর নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।