পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২০:১৯ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর ছেলে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া (৮০) একই এলাকার মৃত আসকর মিয়ার ছেলে। গুরুতর আহত হয়েছেন তার ছেলে শহিদুল মিয়া (৫০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত মশিক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ধারালো ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুল মিয়া এগিয়ে এলে তাকেও পেটে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়াকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
