পীরগঞ্জে রংপুর জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৫:০১ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুর জেলা বিএনপি-র আহ্বায়ক সাইফুল ইসলাম রংপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যার পর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক করিম সরকার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বক্তারা সাইফুল ইসলামকে রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাইফুল ইসলামের নেতৃত্বে রংপুর জেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি ও রংপুর জেলার উন্নয়ন আরও গতিশীল হবে।
রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশবাসীর ব্যাপক সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশের সবে মাত্র উন্নয়নের সূচনা হয়েছে তখনই জুলাই সনদ নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা করছে।
তাতে বিভ্রান্ত না হয়ে তিনি দেশবাসীকে বিএনপি সরকারের কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
