গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চবিতে মানববন্ধন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ প্লাটফর্মের নামে এ মানববন্ধন করেন তারা। 

এ সময় শিক্ষার্থীদের, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘গণভোটের জনরায়, বাস্তবায়ন দেখতে চাই’, ‘যে পথ বেয়ে সংসদে, সে পথ কেন সংকটে’, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা, বাস্তবায়ন করতে হবে’ এবং ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এ সময় ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল বিন হোসেন বলেন, “আপনারা জনগণের ভোটে যেমন নির্বাচিত হয়েছেন, ঠিক একইভাবে প্রায় ৭০ ভাগ জনগণ এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। তারা আপনাদের মতো সংবিধানের জটিল মারপ্যাঁচ বুঝে না তারা বুঝে যে, জুলাই সনদ তৎকালীন অন্তবর্তীকালীন সরকার দিয়েছে সেই সনদের ভিত্তিতে একটি রাষ্ট্র সংস্কার করা এবং মেরামত করা হবে। আর এটার পক্ষেই বাংলাদেশের ৭০ ভাগ জনগণ ভোট দিয়েছে। অতএব, আপনারা আর কোনো টালবাহানা না করে গণভোটে জনগণের রায় বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করুন।”

মানববন্ধনে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, “বিএনপি ৫০ শতাংশ জনরায় নিয়ে ক্ষমতায় গেলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছে। বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা চালালেও এখন গণভোটের সাংবিধানিক বৈধতার কথা বলছে, হাইকোর্ট দেখাচ্ছে। জনগণের সাথে দ্বিচারিতা করে শেখ হাসিনা এ দেশে থাকতে পারে নাই, নতুন করে কেউ যদি সাংবিধানিকভাবে স্বৈরাচার হতে চায়, তারাও যেন তাদের পথ খুঁজে নেই।”

তিনি বলেন, “অবিলম্বে গণভোটের জনরায় বাস্তবায়ন করতে হবে। মেজর জিয়া ও বেগম জিয়ার বিএনপি জনগণের সাথে যে বেঈমানি করে না, তা এই প্রজন্ম দেখতে চায়।”