র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা ও রংপুর জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

বুধবার রাতে পরিচালিত এসব অভিযানের তথ্য জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব জানায়, গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মহসীন (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর এলাকায় পৃথক অভিযানে একটি ইজিবাইক তল্লাশি করে ৮ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আমজাদ হোসেন (৪০) ও আজিমা বেগম (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।