জীবননগরে ছাদ থেকে পড়ে কোল্ড স্টোরেজের শ্রমিক নিহত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৫:৪০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে চার তালার ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৪) নামে এক কোল্ড স্টোরেজের শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সন্তোষপুর-দেহাটি রোডে জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের চার তালার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী থানার যুগিন্দা মিশন পাড়া এলাকার লাবন মন্ডলের ছেলে এবং জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের মেশিনম্যান।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তুষার মন্ডল কোল্ড স্টোরের চারতলা বিল্ডিং-এর ছাদে ঘোরাফেরা করছিল। এ সময় সে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে জীবননগর থানার এসআই রকি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের বাবা লাবন মন্ডল জানান, এক সপ্তাহ আগে তার ছেলে তুষার মন্ডল জীবননগরে জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে মেশিনম্যান হিসেবে কাজে যোগদান করেন। এরপর শুক্রবার সকালে মুঠোফোনে মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃতি ঘটনা জানা যাবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
