সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ

প্রতীকী ছবি

সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এসব মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হলে বিভিন্ন হাওরে ধান কাটার সময় এসব দুর্ঘটনা ঘটে। তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে আবুল কালাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নাজমুল হোসেনের মৃত্যু হয় এবং আরও একজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধর্মপাশার টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আহত হন হাবিবুর রহমান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লার মৃত্যু হয়। ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা গণমাধ্যমকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটার সময় বজ্রপাতে লিটন মিয়ার মৃত্যু হয়। দিরাই থানার ওসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।