সিরাজগঞ্জে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন কার্যক্রম
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৮:১১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহর এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে মুক্ত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ‘নিজের বাড়ি ঘরের চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, অপরকে বাড়ির চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার দুপুরের দিকে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রমের তদারকি করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশক্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সাহাদাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এজন্য সবাইকে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের জন্য রেলস্টেশনের ফাঁকা জায়গা বরাদ্দ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সেখানে স্থানান্তর না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি সতর্ক করেন।
