নোয়াখালীতে মেধাবীদের মাঝে বৃত্তি, সনদ ও পুরস্কার বিতরণ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২১:০২ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ এপ্রিল) শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইসমাইল। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব আবু নাছের টিপু। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য মো. কামরুল হাসান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন এবং কে আর কে গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আছাদ উল্যাহ দিদার। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি ও পুরস্কারের গুরুত্ব অনেক। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং জ্ঞান অর্জনে উৎসাহ জোগায়। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ইত্যাদি ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে।