চট্টগ্রামে সোমবার শুরু হচ্ছে হাম-রুবেলা ক্যাম্পেইন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৯:৩২ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে সোমবার (২০ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়।

রোববার (১৯ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচিতে লক্ষ্যমাত্রাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী লক্ষ্যমাত্রা ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন শিশু। ক্যাম্পেইনটি ২০ মে থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত মোট ১১টি কার্যদিবসে পরিচালিত হবে।

এই সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। যদি কোনো শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা পেয়ে থাকে, তবুও তাকে এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দিতে হবে।

চট্টগ্রামের ১৫টি উপজেলার মোট ২০০টি ইউনিয়ন এবং ৬০০টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম চলবে। মাঠ পর্যায়ে টিকা প্রদানের জন্য মোট ৪ হাজার ৮১৫টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে জেলায় ৯২৯ জন মাঠ কর্মী, ৫২৪ জন সিএইচসিপি এবং ৩৭১ জন মেডিক্যাল অফিসার নিয়োজিত থাকবেন।

ক্যাম্পেইন সম্পর্কে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এই রোগ এবং এর জটিলতা থেকে শিশুদের বাঁচাতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া।

তিনি আরও বলেন, অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া যাবে না এবং অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিশুকে টিকা প্রদান করা হবে না। নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে যাতে কোনো শিশুই সুরক্ষার বাইরে না থাকে। অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে (vaxepi.gov.bd), যার মাধ্যমে তারা টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন।