দামুড়হুদায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ২
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জোরপূর্বক এক নারীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে শাকিল খান (২০) ও সজীব বিশ্বাস (১৯) নামে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার উজিরপুর ফ্যান্টাসি পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শাকিল খান দামুড়হুদা উপজেলার নাপিত খালি গ্রামের নওশাদ আলীর ছেলে ও সজীব বিশ্বাস সদর উপজেলার পীরপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জীবননগর উপজেলার বকনদিয়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে তার আত্মীয় সঙ্গে দামুড়হুদার উজিরপুর ফ্যান্টাসি পার্কে ঘুরতে যায়। সন্ধ্যায় তারা পার্ক থেকে বের হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পার্ক সংলগ্ন এলাকায় বাসের জন্য অপেক্ষা করে। এ সময় শাকিল খান ও সজীব বিশ্বাস তাদের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে বিপদে ফেলার হুমকি দেয়।
এরপর ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে খবর দিলে দামুড়হুদা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শাকিল খান ও সজীব বিশ্বাস-কে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই আনারুল ইসলামের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।
ভুক্তভোগী নারীর বাবা আনোয়ারুল ইসলাম জানান, তার মেয়ে এক আত্মীয়ের সঙ্গে ফ্যান্টাসি পার্কে বেড়াতে আসে। এরপর বাড়ি ফেরার উদ্দেশ্যে পার্ক থেকে বের হলে আসামিরা চাঁদা দাবি করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
