সিরাজগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, থানায় মামলা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া গ্রামে স্বামীর নির্যাতনে স্ত্রী শাহিদা খাতুনের (১৯) মৃত্যু হয়েছে।
নিহত শাহিদা খাতুন পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার আজগড়া জামতৈল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
এ ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ঘাটিনা দক্ষিণপাড়া গ্রামের আকবর আলীর ছেলে অন্তরের সঙ্গে শাহিদার বিয়ে হয় প্রায় এক বছর আগে। এ বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে আসছিল স্বামীসহ পরিবারের লোকজন। এরই জের ধরে শনিবার সকালে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করে স্বামী। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তারা লাশ নিয়ে গ্রামের বাড়িতে আসে। ওইদিন রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে এবং রোববার সকালে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
