দুর্গাপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৬:০৪ | অনলাইন সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভাস্থ ওয়াইএমসিএ কিন্ডারগার্টেন স্কুলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান।

ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট বয়সসীমার শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিশুদের ঝুঁকিমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা জরুরি। সবাইকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এই ক্যাম্পেইন পরিচালিত হবে এবং স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করবেন বলেও জানানো হয়েছে।