পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৮:৫৫ | অনলাইন সংস্করণ
পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) গুরুতর আহত হন। চমেক হাসপাতালে ৫ দিন ভর্তি থেকে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দার খীল এলাকার ডাক্তার বাড়ির মরহুম আইয়ুব আলীর জ্যেষ্ঠ পুত্র। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকালে বাহুলী-গোবিন্দার খীল সংযোগ সড়কে প্রতিবেশী ইব্রাহীম প্রকাশ বেহলাসের ছেলেদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেমের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল, এস্কানদার সুজন, আবু তাহেরসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, বিশেষ করে হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর তার মৃত্যু হয়।
নিহতের জামাতা হাবিবুল্লাহ আদনাব বলেন, “আমার শ্বশুরের কোনো অপরাধ ছিল না। জায়গা দখলের চেষ্টা ঠেকাতে গেলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এদিকে, নিহতের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
