চুয়াডাঙ্গায় হাম-রুবেলার টিকা পাবে ১ লাখ শিশু

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশের মতো চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এ জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৩০৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে এ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে চুয়াডাঙ্গা জেলায় ২০২০ সালে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই চলতি বছরে ২০২৬ সালে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হলো। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। এই হাম-রুবেলা টিকা পাবে জেলার ১ লাখ ৩০৫ শিশু। ইতোমধ্যে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এছাড়া জেলা এ্যাডভোকেসি সভা, জেলা কো-অর্ডিনেশন মিটিং এবং টিকাদান ক্যাম্পেইন নিয়ে মাইকিং-এর প্রচার কার্যক্রম চলমান আছে। জেলায় আউটরিচ টিকাদান কেন্দ্র আছে ৯৮০টি। এর মধ্যে টিকাদানের মোট স্থায়ী কেন্দ্র ৮টি। এই টিকাদান কার্যক্রমে সরকারী ও বেসরকারিভাবে মোট কর্মীর সংখ্যা ৩৪১ জন। এ ক্যাম্পেইনে সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে ১ হাজার ৯৯৮ জন। 

সিভিল সার্জন সূত্রে আরো জানা গেছে, সদর হাসপাতালে ১৫ মার্চ থেকে চুয়াডাঙ্গায় হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তি হয়েছে সদর হাসপাতালে ৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে ৬ শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক দীপক কুমার সাহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. খন্দকার ইমরান হাফিজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “হামের প্রাদুর্ভাব হয়েছে। যে কারণে এই হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো আজ থেকে। টিকার মাধ্যমে এই হাম রুবেলা ঠেকানো সম্ভব। হামের টিকা দেওয়ার আগে সকল শিশুকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করে নেয়ার পর এই টিকার দেওয়ার অনুরোধ রইলো। সকল শিশুকে বেশি বেশি করে পানি, জুস, ভালো মানের খাবার খাওয়ানো উচিত। হাম আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ওই শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সবার প্রতি আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান।”